যুক্তরাষ্ট্র থেকে ৩৫ রুশ কূটনীতিককে হ্যাকিংয়ে সংশ্লিষ্টতার অভিযোগে বহিস্কার করার পাল্টা জবাব হিসেবে রাশিয়া থেকে আমেরিকান কূটনীতিকদের বের না করার ঘোষণায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইটারে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেছেন, “দেরি করার পদক্ষেপটা দারুণ নিয়েছেন পুতিন। আমি সবসময়ই জানতাম তিনি খুব স্মার্ট।”
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের মাধ্যমে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বৃহস্পতিবার বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। দেশত্যাগের জন্য তাদের ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়েছে। নিউইয়র্ক ও মেরিল্যান্ডে রাশিয়ান গোয়েন্দা কাজে ব্যবহৃত দু’টি ভবনও বন্ধ করে দেয়া হবে বলে জানায় মার্কিন প্রশাসন।
তবে রাশিয়া বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ বলে আসছে। মার্কিনীদের এই আচরণকে ‘প্ররোচনামূলক’ হিসেবে উল্লেখ করে এর প্রতিক্রিয়ায় শুক্রবার পুতিন বলেন, এ ধরণের দায়িত্বহীন কূটনীতি তিনি করবেন না। বহিস্কার হওয়া ৩৫ কূটনীতিক তাদের পরিবারসহ বৃহস্পতিবার দেশে ফিরে স্বজন ও বন্ধুদের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাবেন।
রুশ কূটনীতিকদের বহিস্কারের জবাবে পুতিন বলেন, রাশিয়া “দায়িত্বহীন কূটনীতিতে নামবে না”।







