কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক পুরনো নালিশেরই অংশ। দলটি কূটনীতিকদের সামনে মিথ্যাচার করে। এটা তাদের মিথ্যাচারের অংশ, পুরনো অভ্যাস।
বুধবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
কাদের বলেন: আন্দোলন জনগণের সাড়া না পেয়ে কাছে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি, যা দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। দেশবাসীর কোন সাড়া না পেয়েই তারা সব সময় বিদেশিদের কাছে ধর্ণা দেয়। এটা নতুন কিছু নয়।
তিনি বলেন: যারা আন্দোলনে ব্যর্থ হয়, তারা নালিশই করে। আর সেই নালিশটা দেশের লোকের কাছে করে না, বিদেশিদের কাছে করে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।
এর আগে বঙ্গমাতার কবরে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এসময় বিশেষ মোনাজাত করা হয়।









