আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম ওরফে হক সর্দ্দার নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫জন। এর মধ্যে রবজেল হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই এলাকার রহমত আলী সর্দ্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ধলসা বাজারের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় হাসেম মোহরী ও তাসের মন্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে হাসেম মোহরী গ্রুপের শহিদুল ইসলাম ওরফে হক গুরুতর আহত হন। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আজিজুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে এই দু’গ্রপের বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাসের আলী মন্ডল ও হাসেম মোহরী স্থানীয় আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে।








