অনিল কুম্বলে নাকি ড্রেসিংরুমের কথা বাইরে বলাবলি করতেন। কোহলির অভিযোগ ছিল এমন। রবি শাস্ত্রী দ্বিতীয় মেয়াদে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়ে বললেন ওই কাজ তিনি করবেন না।
‘কোহলির সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। আমি জানি না ওই ১২ মাসে কী ঘটেছিল। আমি নতুনভাবে শুরু করবো। যা-ই আলোচনা করি না কেন, সেটা আমার আর বিরাটের মধ্যে থাকবে,’ ইন্ডিয়া টু ডে’র সঙ্গে আলাপকালে বলেন শাস্ত্রী।
যার সঙ্গে ঝামেলা করে অনিল কুম্বলেকে বিদায় নিতে হয়েছে, রবি শাস্ত্রী শুরুতে তাকেই প্রশংসায় ভাসিয়েছেন। গণমাধ্যমকে দেয়া প্রথম সাক্ষাতকারে অধিনায়ক কোহলিকে চ্যাম্পিয়ন বলেছেন।
‘কোহলি চ্যাম্পিয়ন ক্রিকেটার। কিন্তু এখনো নিজের সেরা অবস্থায় পৌছাতে পারেনি। পরের ৫-৬ বছরে সত্যিকারের বিরাট কোহলিকে দেখা যাবে।’
শেষ কয়েক বছরে কোহলি রান তুলছেন মুড়ি-মুড়কির মতো। শচীনের রেকর্ড তার পক্ষেই ভাঙা সম্ভব, এমন সার্টিফিকেটও পাচ্ছেন শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর অনিল কুম্বলে কোচের পদ ছেড়ে দেন। বিদায় নেয়ার সময় বলে যান, অধিনায়কের সঙ্গে অমন সম্পর্ক নিয়ে কাজ চালিয়ে যাওয়া কঠিন। এরপর নতুন কোচের সন্ধানে নামে বিসিসিআই। অনেক আলোচনা-পর্যালোচনার পর রবি শাস্ত্রীকে দায়িত্ব দেয়া হয়।










