বিআরবি কেবলস বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জহুরুল ইসলাম অমির ৬২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৩ রান করে রংপুর রাইডার্স।
টস জিতে কুমিল্লার অধিনায়ক মাশরাফি মতুর্জা রংপুরকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট খোয়ায় রংপুর। দলীয় ৬ রানের মাথায় তরুণ রাইজিং স্টার আবু হায়দার রনির অফ স্ট্যাম্পে পড়া গুড লেন্থের বল ড্রাইভ করতে গিয়ে কভারে শুভাগতের কাছে ক্যাচ দেন সৌম্য।
আরেক ওপেনার সিমন্স ও টপ অর্ডারের ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি ৩৩ রান যোগ করেন। দলীয় ৩৯ রানের মাথায় আসহার জাইদি বলে ১৩ রান করে এলবিডব্লিউ হন সিমন্স।
এরপর সাকিবকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন জহুরুল। কামরুল ইসলাম রাব্বির বলে ব্যক্তিগত ২০ রান করে সাজঘরে ফিরেন সাকিব। পরের ওভারেই লঙ্কান হার্ডহিটার থিসারা পেরেরাকে আউট করেন শোয়েব মালিক।
পরে জহুরুল ইসলাম ও ক্যারিবীয় হার্ডহিটার ড্যারেন স্যামির ৩০ বলে ৩৯ রান যোগ করে স্কোরকার্ড সচল রাখে। স্যামি ২০ বলে দুই চার ও এক ছয়ে ২৪ রান করে এন্ড্রু রাসেলের বলে শোয়েব মালিকের হাতে ধরা পড়েন।
শেষদিকে জহুরুল ও নবীর ১১ বলে ২৮ রানের কল্যাণে দেড়শো ছাড়ায় রংপুর।
জহুরুল ৫০ বলে সাতটি চার ও দুটি ছয়ে ৬২ রান করে অপরাজিত থাকেন।
কুমিল্লার পক্ষে আবু হায়দার রনি দুটি ও শোয়েব মালিক, আসহার জাইদী, এন্ড্রু রাসেল, কামরুল ইসলাম রাব্বি প্রত্যেকে একটি করে উইকেট নেন।






