কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী কিংস। কুমিল্লার বোলারদের দাপুটে বোলিংয়ের পরও জেমস ফ্যাঙ্কলিনের ৪৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান করে রাজশাহী।
কুমিল্লার বোলার মোহাম্মদ সাইফুদ্দিন তিনটি উইকেট নেন। এছাড়াও অধিনায়ক মাশরাফি নেন দুটি উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে ৩৮ রানের ওপেনিং জুটি এনে দেন মুমিনুল হক ও নুরুল হাসান সোহান।
আফগান স্পিনার রশিদ খানের বলে ২০ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে পড়েন মুমিনুল। এরপর কুমিল্লা অধিনায়ক মাশরাফির বলে রশিদের হাতে ক্যাচ তুলে ফেরেন ১৭ রান করা নুরুল।
সাব্বিরের ঝোড়ো ব্যাটিং দেখার আশা সমর্থকরা করলেও ১২ বলে ৮ রান করেই সাজঘরে ফেরেন তিনি। নাবিল সামাদের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
এরপর দলীয় ৫২ রানের মাথায় সাইফুদ্দিনের বলে এলবিডব্লইউ হয়ে ফিরে যান সুমিত প্যাটেল (৪)। ৫৯ রানে সাইফুদ্দিন পরপর দুই বলে আউট করেন মিরাজ ও স্যামিকে।
তবে দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন কিউই পেসার জেমস ফ্যাঙ্কলিন। তার ৩১ বলে দুই চার ও তিন ছয়ে ৪৪ রানে ভর করে ১২৪ রানের পুঁজি পায় রাজশাহী।










