কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায় তিনজন নিহত এবং আহত হয়েছে কয়েকজন। এসময় পুড়ে গেছে বেশ কিছু দোকান ও অন্যান্য স্থাপনা।
তবে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
শুক্রবার ভোর রাত আড়াইটায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমদাদুল হক।
নিহত ও আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। আগুনের সূত্রপাতের কারণও নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ইমদাদুল বলেন, ভোর রাত আড়াইটায় উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে মার্কেটের একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবরটি স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে। খবর পেয়ে সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ভোর সোয়া ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এর আগে ভস্মিভূত হয়েছে বেশ কিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা। এসময় ঘটনাস্থলে আগুন পুড়ে ৩ জন নিহত এবং আহত হয়েছে কয়েকজন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।








