জঙ্গি হামলার ঘটনায় দেশে বসবাস করা বিদেশীরা শংকিত মন্তব্য করে পুলিশ প্রধান বলেছেন, জঙ্গিবাদ দমন করে বিদেশীদের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনাই পুলিশের প্রধান লক্ষ্য। যে কৌশলেই হোক জঙ্গিবাদের নেপথ্যে জড়িতদের সম্পর্কে সঠিক তথ্য বের করবে পুলিশ। কীভাবে তথ্য বের করতে হয়, তা পুলিশের জানা আছে বলেও মন্তব্য করেছেন আইজিপি এ কে এম শহীদুল হক।
রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। নিহত পরিবারের সদস্যদের হাতে ৭০ লাখ টাকা অনুদানের অর্থ ও সঞ্চয়পত্র তুলে দেন তিনি। পুলিশ সদস্যরা নিজেরা চাঁদা তুলে ওই তহবিল গঠন করেন। এছাড়া আরো ১ কোটি ১০ লাখ টাকার তহবিল গঠন করেছেন তারা।
অনুদানের অর্থ তুলে দেওয়ার সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইজিপি বলেন, দেশের মানুষও তাদের বীরোচিত আত্মত্যাগে গর্বিত।
এ কে এম শহীদুল হক বলেন, ‘যারা জঙ্গি বিস্তারে কাজ করছে, এসব অশুভ শক্তিকে সম্মিলিতভাবে নির্মূল করা হবে। বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই নাই। যত ষড়যন্ত্রই হোক পুলিশ তৎপর আছে।’
অন্য এক অনুষ্ঠানে আইজিপি বলেন, দেশে বসবাসরত বিদেশীদের শংকা দূর করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ।
তিনি বলেন,হলি আর্টিজানে হামলার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বিদেশিদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আমরা সব শঙ্কা দূর করে আগের সেই আস্থা ফিরিয়ে আনবো।
জঙ্গিবাদ দমনে জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত তথ্য সহায়তার আহ্বানও জানিয়েছেন পুলিশ প্রধান।








