বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ড, ওয়েলিংটন থেকে: ভালো শুরুর পর নিউজিল্যান্ডের বিপক্ষে এমন হারকে নিজেদের দুর্ভাগ্য ও ভুলের খেসারত দিতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচ শেষে প্রেস মিটে তামিম এসব কথা বলেন।
তামিম বলেন: আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট অনেক কিছু হতে পারে। ইমরুলের ইনজুরি, মুশফিকের ইনজুরি, আমার বাজে শটে আউট। কিন্তু আমি বলব কিছু ক্ষেত্রে আমরা দুর্ভাগা ছিলাম, আর কিছু ক্ষেত্রে আমাদের ভুল ছিল।
এ টেস্ট ম্যাচের প্রাপ্তি নিয়ে তামিম বলেন: পজেটিভ অনেক কিছু অর্জন করেছে বাংলাদেশ। নেগেটিভ কম। নিউজিল্যান্ডের মাটিতে তাদের সঙ্গে পাঁচদিন টেস্ট খেলা। তাও তরুণ একটা দল নিয়ে যেখানে তিনজনের অভিষেক হয়েছে।
দলের ব্যাটসম্যান প্রেসার নিয়ে তামিম বলেন: আসলে আগের দিন তিন উইকেট পড়ে যাওয়া প্লাস দুইজন সেরা ব্যাটসম্যান ইনজুরিতে থাকলে প্রেসার ব্যাটসম্যানদের উপর পড়বেই। তাছাড়া আমাদের আগেই বলা হয়েছিল নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে, বেশি রক্ষণাত্মক না। তখন ব্যাপারটা ব্যাটসম্যানদের জন্য আরো কঠিন হয়ে যায়।







