৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো কিউবার পথে যাত্রা করলো যুক্তরাষ্ট্রের একটি প্রমোদতরী। ‘দ্য অ্যাডোনি’ নামের জাহাজটি প্রায় ৭শ’ যাত্রী নিয়ে মিয়ামি বন্দর থেকে রওনা দেয়। সোমবারই এটি কিউবার হাভানায় পৌঁছানোর কথা।
গত বছর যুক্তরাষ্ট্র ও কিউবা নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে। তবে এরপরও স্নায়ুযুদ্ধের সময় ওই দু’দেশের মধ্যে ভ্রমণ ও বাণিজ্যের ওপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা এতদিন তুলে নেয়া হয়নি।
এর মধ্যে সম্প্রতি নৌপথে দেশে নাগরিকদের ঢোকা ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা কিউবা তুলে নিলে প্রমোদতরীটি যুক্তরাষ্ট্র থেকে সে দেশে প্রবেশের অনুমতি পায়।
‘কার্নিভাল’ নামের আমেরিকান একটি প্রতিষ্ঠান পরিচালনা করছে যাত্রাটি। ফ্লোরিডা ও কিউবার মাঝে নৌ-সেবা পরিচালনার জন্য দু’দেশের সরকারই প্রতিষ্ঠানটিকে অনুমোদন দিয়েছে।







