কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিশ্বজুড়ে সমাজতন্ত্রের প্রতীক ফিদেল কাস্ত্রোর মৃত্যুর দিন থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কিউবার কমিউনিস্ট পার্টি। এই ৯ দিনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশজুড়ে কাস্ত্রোর জীবনকালকে স্মরণ ও সম্মান জানানো হবে।
শনিবার কমিউনিস্ট পার্টির ক্ষমতাশালী কেন্দ্রীয় কমিটি কাস্ত্রোর মৃত্যুর কয়েক ঘণ্টা পর বৈঠক করে এ ঘোষণা দেয়। শোক চলাকালে দেশে সব ধরণের প্রকাশ্য কার্যকলাপ ও প্রকাশ্যে বিনোদন নিষিদ্ধ করা হয়েছে।
টেলিভিশন সম্প্রচারও “তথ্যবহুল, দেশপ্রেম এবং ঐতিহাসিক অনুষ্ঠানের” মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে দলটির আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়।
রোববারই দিনের কোনো এক সময় কাস্ত্রোর মৃতদেহের দাহসংস্কারের কথা রয়েছে। এরপর সোমবার সকাল থেকে ১৯ শতকের কবি ও কিউবার স্বাধীনতার অন্যতম নেতা হোসে মার্টির স্মরণে নির্মিত হাভানা স্মৃতিফলকে কাস্ত্রোকে শ্রদ্ধা জানানো শুরু হবে।
মঙ্গলবার হাভানার প্লাজা অব রেভোল্যুশনেও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশজুড়ে বিভিন্ন স্থানে জাতীয় শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার থেকে ৩ দিনের শোকযাত্রায় কাস্ত্রোর দেহাবশেষ সেই রাস্তায় উল্টোপথে নিয়ে যাওয়া হবে, যেই পথে তরুণ বিপ্লবী ফিদেল কাস্ত্রো ও তার বিদ্রোহী সহযোদ্ধারা সিয়েরা মায়েস্ত্রা পর্বতমালা থেকে কিউবা জয়ের উদ্দেশ্যে হাভানায় গিয়েছিলেন।
সব আনুষ্ঠানিকতা শেষে ৪ ডিসেম্বর কিউবার দক্ষিণপূর্বের শহর সান্তিয়াগো ডি কিউবার সান্তা ইফিজেনিয়া সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা হবে।








