কাস্টমস বিভাগ বাংলাদেশ ব্যাংকের ভল্টে যেভাবে স্বর্ণ জমা দিয়েছে ঠিক সেভাবেই অক্ষত অবস্থায় আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে মুদ্রানীতি ঘোষণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
ভল্টের স্বর্ণ হেরফের নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর এবারই প্রথম তা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বললেন গভর্নর।
ফজলে কবির বলেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টে ছয় স্তরের নিরাপত্তা রয়েছে। ৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে সাবর্ক্ষণিক নিরাপত্তা মনিটরিং করা হয়। কাস্টমস বিভাগ স্বর্ণ যেভাবে জমা রেখেছিলো তা সেভাবেই আছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, চলতি বছরের প্রথম ৬ মাসে ৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েল ফোর্সের (আইনশৃঙ্খলা বাহিনীর) হাতে দেয়া হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।
রিজার্ভ চুরির বিষয়ে তিনি বলেন, রিজার্ভ থেকে চুরি হয়ে যাওয়া অর্থের বাকি পুরো অর্থই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত আনা সম্ভব হবে।
এসময় ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, আহমেদ জামাল,বাংলাদেশ ব্যাংকের চেইঞ্জ ম্যানেজমেন্ট পরামর্শক আল্লা মালিক কাজমী, ব্যাংকিং রিফর্ম অ্যাডভাইজার এস. কে. সুর চৌধুরী, প্রধান অর্থনীতিবিদ ড. ফয়সল আহমেদ, অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







