কাশ্মীরে লস্কর কমান্ডার আবু হুরাইরা সহ ৩ জনকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
শনিবার ভোর থেকে শুরু হওয়া এনকাউন্টারে তারা নিহত হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
পুলওয়ামা এলাকায় আরও উগ্রপন্থী লুকিয়ে রয়েছে কিনা, তা জানতে চিরুনি অভিযান শুরু করেছে ভারতীয় বাহিনী। এ অভিযানে এখনও পর্যন্ত ভারতীয় কোনো সদস্যের আহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় বাহিনীর পক্ষ থেকে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে ভোর রাত থেকে তল্লাশি শুরু করে তারা। অপারেশন শুরু হলে জঙ্গিরা টের পেয়ে যায়। এতে তারা ভারতীয় বাহিনীর ওপর গুলিবর্ষণ করে। পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী। দীর্ঘক্ষণের এই অপারেশনে মোট তিনজনকে হত্যা করা হয়।








