কাশ্মীরে গভীর রাতে গোলাগুলি

ভারতীয় সংসদে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর ঈদের দিন গভীর রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। সংসদে জম্মু-কাশ্মীরকে দিখণ্ডিত করে, কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা ও ৩৭০ ধারা বাতিলের আট দিন পর এই প্রথম গুলির ঘটনা ঘটলো।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
গভীর কঠোর বিধিনিষেদের মধ্যে নিরবতার মধ্যে সোমবার সকাল থেকে ঈদ উদযাপিত হয় জম্মু-কাশ্মীরে।
গোলাগুলির ঘটনায় ভারতীয় পুলিশ জানায়, পুলওয়ামায় সশস্ত্র জঙ্গির একটি দল সক্রিয় হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সতর্ক নজরদারি থাকায় জঙ্গিদের পরিকল্পনা শেষপর্যন্ত সফল হয়নি। পুলওয়ামায় দু-পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সংঘর্ষে কোনও জঙ্গি মারা পড়েছে কি না, গভীর রাত পর্যন্ত তা জানা যায়নি।
জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ দিলবাগ সিং বলেন, পুলওয়াময়ে এদিন জঙ্গিদের সঙ্গে গোলাগুলি হলেও, সে অর্থে কোনও অপারেশন চালানো হয়নি। কাশ্মীরের মানুষ সহযোগিতা করছেন, যে কারণে শান্তির পরিবেশ বজায় রয়েছে।
টহলরত বাহিনীকে লক্ষ্য করে বেমিনা ও নাটিপাড়ায় এদিন দু’টি ছোটখাটো পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে। কিন্তু বিক্ষোভ দানা বাঁধার আগেই তা ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে দাবি করেছে পুলিশ।
নিরাপত্তাবেষ্টনির মধ্যে প্রায় শান্তিপূ্র্ণ রয়েছে কাশ্মীর। সামনে ভারত-পাকিস্তানের স্বাধীনতা দিবস, সে উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।






