ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানকে দায়ী করে ভারতের পক্ষ থেকে তীব্র পাল্টা জবাব দেয়ার জোরালো দাবি জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
রোববার ভোরের ওই হামলায় ১৭ ভারতীয় সেনা সদস্য এবং ৪ হামলাকারী নিহত হয়।
কাশ্মিরের উরি ক্যান্টনমেন্টে ওই হামলার কয়েক ঘণ্টা পরই একে ‘ঘৃণ্য হামলা’ উল্লেখ করে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার নিশ্চয়তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির বক্তব্যে পাকিস্তানের নাম উল্লেখ না থাকলেও তার প্রতিক্রিয়া থেকে সেসব ব্যক্তিরা উৎসাহ পেয়েছেন যারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে আবারও সম্মুখযুদ্ধে দেখতে চান। নয়াদিল্লির সিনিয়র নেতারা পাকিস্তানকেই হামলাটি পরিচালনার জন্য দায়ী করছেন।
তবে একে ‘ক্রুদ্ধ প্রতিক্রিয়া’ বলে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। কোনো সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।








