এবারই প্রথম র্যাম্পে হাঁটবেন নওশাবা। আর তিনি হাঁটবেন বেদের মেয়ের পোশাকে। সেভাবেই ক্যাটওয়াকের প্রস্তুতি নিয়েছেন এই অভিনয়শিল্পী। জানালেন, প্রথম র্যাম্পে হাঁটবেন, তাই তিনি দারুণ রোমাঞ্চিত!
আগামীকাল শনিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজন করা হয়েছে ফ্যাশন শো ‘ঐতিহ্যে বাংলা সিনেমা’। বিশ্বরঙ ও আরটিভি নিবেদিত এই ফ্যাশন শোতে বাংলা চলচ্চিত্রের দারুণ জনপ্রিয় হওয়া গানের সঙ্গে র্যাম্পে হাঁটবেন মডেলেরা। থাকবেন তারকারাও—সাদিয়া ইসলাম মৌ, শানু, সোনিয়া, পিয়া, হীরা, শবনম ফারিয়া প্রমুখ। উপস্থাপনা করবেন নাবিলা ও ফেরদৌস।
‘ঐতিহ্যে বাংলা সিনেমা’ ফ্যাশন শোর সার্বিক তত্ত্বাবধান করছেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। তিনি জানান, বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী সময়ের ইতিহাস, ঐতিহ্যের অনুপ্রেরণায় এই ফ্যাশন শো প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে র্যাম্পে হাঁটবেন চিত্রনায়িকা রোজিনা আর চিত্রনায়ক ফারুক।








