রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পরে রাজধানীতে তল্লাশি কার্যক্রম জারি রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গতকাল সন্ধ্যায় পুলিশ ও ফায়ার সার্ভিস উত্তরা ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের খাল থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করে। একটি কালো পাজেরো জীপে করে একটা ব্যাগ ফেলতে দেখেন নিয়মিত টহল দেওয়া পুলিশের এক কনস্টেবল।
উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের খালের জায়গাটির দুপাশেই রয়েছে পুলিশের চেকপোস্ট। চেকপোস্ট ফাঁকি দিয়ে বিকেল ৩ টার দিকে এখানে এসে থামে একটি কালো পাজেরো জীপ। জীপ থেকে ব্যাগ ফেলতে দেখে ওই কনস্টেবল এগিয়ে গিয়ে ব্যাগটি চেক করে অস্ত্র দেখতে পেয়ে থানায় খবর দেয়। আরো পুলিশ এসে ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়।
পরে ডুবুরী দল কয়েক ঘন্টা উদ্ধার অভিযানে চালিয়ে ৯৭টি পিস্তল, ১ হাজার ৬০ রাউন্ড গুলি, ৪৫২টি ম্যাগজিন ও ১১ টি বেওনোট উদ্ধার করে।
উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা বলেন, ব্যাগ-জিনিসপত্র এই এলাকায় নামানো হচ্ছে সংবাদ পেয়েছিলাম সাড়ে তিনটা-চারটার দিকে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবেই থানা পুলিশ এবং আমি নিজে চলে আসি। আমরা আসার পরেই সন্দেহজনক ব্যাগগুলো তুলেছি।
চেকপোস্ট থাকার পরেও কিভাবে বিপুল পরিমাণ অস্ত্র এখানে নিয়ে আসা হলো সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ। পুলিশের চলমান বিশেষ অভিযানে দুর্বৃত্তরা এখানে অস্ত্র ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
বিধান ত্রিপুরা বলেন, নাশকতার জন্য আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র যেই করুক, তারাই হয়তোবা সারা বাংলাদেশে চলা পুলিশের সাঁড়াশি অভিযানে ভয়ে এই নিরিবিলি জায়গাতে অস্ত্রগুলো রেখেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
এই উদ্ধার অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।








