ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে স্বাস্থ্যকর গাছ হিসেবে পরিচিত কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থাকা অনেক বছর বয়সী নিম গাছটি ঝড়ে উপড়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কালবৈশাখীতে গাছটি গোড়া থেকে উপড়ে পশ্চিম দিকে পড়ে যায়।
বুধবার সকালে গ্রন্থাগারের সামনে গিয়ে দেখা যায়, বিশাল এ গাছটি পড়ায় কেন্দ্রীয় মসজিদ হতে গ্রন্থাগারের সামনে দিয়ে রোকেয়া হলের দিকে যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে গেছে।
গ্রন্থাগারের কর্মচারি ইউসুফ মিয়াজি চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকাল রাতের ঝড়ে এটি ভেঙে পড়ে।
১২ বছর ধরে গ্রন্থাগারে কাজ করা ইউসুফ মিয়াজি বলেন, ‘গাছটি বহু পুরানো। আমি আসার পর থেকে গাছটিকে এমনই দেখেছি।’
এই গাছ ছাড়াও গতরাতের ঝড়ে ক্যাম্পাসের ছোট-বড় বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে বলে জানা গেছে। এছাড়া বেশ কিছু গাছের ডালও ভেঙ্গেছে।







