‘“রেঙ্গুন” হবে এ বছরের অন্যতম সেরা ছবি। ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ আমার খুবই পছন্দের। তাঁর “ওমকারা” ছবিটি দারুণ লেগেছে। “রেঙ্গুন” ছবিতে সাইফ আলী খান চমৎকার অভিনয় করেছেন। দর্শক তাকে পছন্দ করে। “ওমকারা” ছবিতেও সাইফের চরিত্রটি অসাধারণ ছিল।’ গতকাল সোমবার সন্ধ্যায় “রেঙ্গুন” ছবির বিশেষ প্রদর্শনী দেখে এভাবেই মন্তব্য করেছেন কারিনা কাপুর।
‘রেঙ্গুন’ ছবিতে অভিনয় করেছেন সাইফ আলী খান ও শহিদ কাপুর। একজন কারিনার স্বামী আর দ্বিতীয় জন সাবেক প্রেমিক। তাই ছবি দেখার পর কারিনার মন্তব্য শোনার জন্য সবার আগ্রহ ছিল একটু বেশি।
স্বামীর সম্পর্কে ভালো ভালো বললেন কারিনা, তাহলে সাবেক প্রেমিকের কাজ? কারিনা কিন্তু শহিদেরও প্রশংসা করেছেন। তবে তার কথায় ছিল একটু কৌশলের ছোঁয়া। বললেন, ‘সাইফ, শহিদ আর কঙ্গনা তিনজনই অনেক ভালো অভিনয় করেন। এই ছবির জন্য তাঁরা নিজেদের সেরা কাজটুকু দিয়েছেন।’

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে বিশাল ভরদ্বাজের ছবি ‘রেঙ্গুন’। এই ছবিতে অভিনয় করেছেন সাইফ আলী খান, শহিদ কাপুর ও কঙ্গনা রনৌত। এদিকে আজ মঙ্গলবার নেতাজি সুভাষ চন্দ্র বোসের পরিবারের জন্য ‘রেঙ্গুন’ ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। হিন্দুস্থান টাইমস।







