চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর মাইক্রোফোন হাতে নিলেন। শিল্পী বিকাশ রায়হানকে গাইতে বললেন, ‘এই মণিহার আমার নাহি সাজে’ গানটি। শিল্পী গাইলেন। দর্শক আসনে বসেছিলেন বিকাশ রায়হানের স্ত্রী সৈয়দা মরিয়ম। এবার মাইক্রোফেন তার হাতে। শিল্পীর দিকে তাকিয়ে গাইতে শুরু করলেন, ‘তুমি কেমন করে গান করো হে গুণী’। গাইতে গাইতে পা বাড়ালেন মঞ্চে বসা স্বামী বিকাশ রায়হানের দিকে। এ সময় করতালিতে মুখতির হয়ে ওঠে চ্যানেল আইয়ের ছাদ বারান্দা।
এমনই আনন্দঘন পরিবেশে বিকাশ রায়হানের গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘সন্ধ্যার মেঘমালা’র মোড়ক খোলা হলো। অ্যালবামটি প্রযোজনা করেছে ইমপ্রেস অডিও ভিশন। আজ রোববার আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, উপ–কারা মহাপরিদর্শক মো. বজলুর রশীদ, শিল্পী কাদেরী কিবরিয়া, লিনু বিল্লাহ প্রমুখ। বিকাশ রায়হান কাশিমপুর কারাগারে জেলার হিসেবে কর্মরত আছেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর সংগীত দিয়ে অন্ধকার দূর করার কথা বলেছেন। তিনি গান আর কবিতায় আলো জ্বালাবার কথা বলেছেন। মুক্তির কথা বলেছেন, যেই মুক্তি মানুষ খুঁজছে। বিকাশ রায়হান কারাগারের মতো জায়গায় চাকরি করেও সেই মুক্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন তার গানের মধ্য দিয়ে।’
তিনি আরও বলেন, ‘আমরা দানবের নয়, মানবের বাংলাদেশে চাই। ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এর জন্য দরকার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান। এর জন্য দরকার গান, কবিতা, নাটক। যিনি গান ভালোবাসেন, রবীন্দ্রনাথকে ভালোবাসেন; তার দ্বারা অপরাধ করা সম্ভব নয়।’
ফরিদুর রেজা সাগর বলেন, ‘বিকাশ রায়হানের রবীন্দ্রসংগীতের প্রতি যে টান, যে ভালোবাসা, তা দেখে আমি বিস্মিত।’
‘সন্ধ্যার মেঘমালা’ অ্যালবামে গান রয়েছে ১৩টি। বিকাশ রায়হান বলেন, ‘রবীন্দ্রনাথের সব গানই সুন্দর ও পছন্দের। আমি এই অ্যালবামে প্রার্থনাধর্মী গান প্রাধান্য দিয়েছি। শ্রোতাদের সময়কে রাঙ্গিয়ে তুলতে, মনকে মধুর আবেশে ভরিয়ে দিতে গানগুলো ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’

আলোকচিত্রী : মাহমুদুল ইসলাম










