গত পাঁচ বছরের গৃহযুদ্ধে সিরিয়ার সরকারি কারাগারগুলোর ভেতর নির্যাতনে অথবা মানবেতর পরিবেশের কারণে ৬০ হাজাররে বেশি লোক নিহত হয়েছে বলে জানিয়েছে একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা।
যুক্তরাজ্যভিত্তিক ‘দা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, সরকারি সূত্র থেকেই নিহতের এই সংখ্যা পাওয়া গেছে।
সংস্থার পরিচালক রামি আবদেল রহমান বলেন, ‘২০১১ সালের মার্চ থেকে সরকারি কারাগারগুলোতে অন্তত ৬০,০০০ লোক নির্যাতন অথবা ভয়াবহ পরিবেশের কারণে, বিশেষ করে চিকিৎসা ও খাদ্যের অভাবে মারা গেছেন।’
২০১১ সালে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের বিরুদ্ধে প্রথমে গণবিক্ষোভ শুরু হলেও শিগগিরই তা সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধে পরিণত হয়।
দা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস ১১০ শিশুসহ অন্তত ১৪ হাজার ৪৫৬ জনের নাম নিবন্ধন করেছে যারা আসাদ বাহিনীর নির্যাতনে হাজতে মারা গেছেন।
রামি আবদেল রহমান জানান, গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আসাদের নিরাপত্তাবাহিনী ৫ লাখের বেশি মানুষকে আটক করেছে। এদের মধ্যে অল্প কিছু ছাড়া পেয়েছে, অনেকে মৃত্যু হয়েছে। তবে এখনো কত লোক আটক আছে সেটা ধারণাও করা যাচ্ছে না।
সিরিয়ার গৃহযুদ্ধে অন্তত চার লাখ মানুষ নিহত হয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিসতুরা। তবে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত হিসাব।
জাতিসংঘের হিসেব মতে, গত পাঁচ বছরের গৃহযুদ্ধে আড়াই লাখের বেশি সিরিয়ান নিহত হয়েছে। আহত ও দেশ ছাড়া হয়েছে লাখ লাখ মানুষ।







