একজনের পরিবর্তে আরেকজন চাকরি করাসহ কারাগারে লোকবল নিয়োগে অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আগামী এক মাসের মধ্যে মহাপরিদর্শকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
কারারক্ষী পদে নিয়োগপরীক্ষায় পাস করেও চাকরি না পাওয়া মৌলভীবাজারের জহিরুল ইসলামের করা রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। হাইকোর্ট তার আদেশে জহিরুলের আবেদনটি দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আবুল কালাম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আওলাদ হোসেন।







