গাজীপুরের পোশাক কারখানা ‘ডিগনিটি’ ভবনের ৬ষ্ঠ তলা থেকে ৩য় তলা পর্যন্ত ধসের পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও সেখানে ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের আশঙ্কা, তাপমাত্রা বেড়ে যাওয়ায় আশেপাশের ভবনগুলো ধসে পড়তে পারে।
এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে ঢুকতে পারেনি। তাদের পরবর্তী কার্যক্রম কী হবে তা সন্ধ্যা ৬টার পর জানাবে বলে জানিয়েছেন।
গতকাল দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করে প্রায় ১৯ ঘন্টা পর আগুন নেভান। গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত কারখানাটিতে ডিগনিটি টেক্সটাইল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি স্টিল স্ট্রাকচারের ওপর নির্মিত বলে প্রচণ্ড গরমের কারণে আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের অসুবিধা হচ্ছিল বলে জানিয়েছিল তারা। সেইসাথে ভবন ধসেরও আশঙ্কা করছিলো তারা।
সাততলা ভবনের কারখানাটিতে দুই হাজারের বেশি শ্রমিক কাজ করে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় দুপুরের খাবারের ছুটি থাকায় শ্রমিকরা কারখানার বাইরে ছিলো বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দমকল বিভাগ আর পুলিশ জানিয়েছে।
এরই মধ্যে ওই কারখানার বিপুল পরিমাণ পোশাক তৈরির কাঁচামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসে কমিটি প্রতিবেদন দাখিল করবে।






