শেষ ম্যাচে পরাজয়ের জন্য মুশফিকুর রহিমের দিকে অনেকের অভিযোগের যে আঙুল, তার দিকেই কথার সব কামানের যে তোপ; সেখান থেকে মুশফিককে রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা। পেশাদারিত্বে মুশফিককে একশতে একশ দিয়ে মাশরাফি জানিয়ে দিয়েছেন, মুশফিককে নিয়ে তিনি ‘মোর দ্যান হ্যাপি’।
একেক মানুষের চিন্তা-ভাবনা, চলাফেরা একেক রকম উল্লেখ করে আগে মুশফিকের পেশাদারিত্বের দিকে চোখ দিতে বলেছেন মাশরাফি। ‘যদি পেশাদারিত্বের দিকটি খেয়াল করেন তাহলে দেখবেন মুশফিক সবসময় এগিয়ে। এখানে মুশফিককে একশতে একশ দিতে হবে,’ বলে উইকেটকিপার মুশফিকের উপর তার আস্থার কথা জানিয়ে দেন ওয়ানডে অধিনায়ক।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে অতীত এবং বর্তমানের নানা ইস্যুতে অনেক প্রশ্ন উঠলেও মাশরাফি সাফ জানিয়ে দিয়েছেন, ‘মুশফিককে নিয়ে আমাদের কোন দুশ্চিন্তা নেই, ওকে নিয়ে (আমি/আমরা) মোর দ্যান হ্যাপি।’
দ্বিতীয় ওয়ানডেতে সেই স্টাম্পিং মিসসহ কয়েকটি অভিযোগের জবাবে অধিনায়ক মাশরাফি বলেন: অভিযোগের কথা যদি বলেন সেটা আমাকে নিয়েও সামনের ম্যাচে থাকতে পারে। আমিও কোন ভুল করে ফেলতে পারি। ম্যাচে এক-দুইটা এরকম অনাকাঙ্খিত ঘটনা ঘটে। কিন্তু, হারের জন্য কখনোই একজন দায়ী হতে পারে না,’ উল্লেখ করে দল হিসেবে বাংলাদেশের ভাবনার কথা জানিয়েছেন মাশরাফি।
ম্যাশের মাথায় মুশফিককে নিয়ে যেমন কোন দুশ্চিন্তা নেই তেমনি প্রতিপক্ষ আফগানিস্তানকে নিয়েও বাড়তি কিছু ভাবতে চান না ম্যাশ। ‘প্রতিপক্ষের চেয়ে আমাদের নিজেদেরকে নিয়েই বেশি ভাবা উচিত। আমরা আফগানিস্তানকে ছোট করছি না, তারপরও আগের মতো এখনও বলছি ওইদিন আমাদের একটা খারাপ দিন গেছে।’
তবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে শুধু দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেছে এমন নয়, প্রথম ওয়ানডেতেও প্রায় জিতে গিয়েছিল আফগানিস্তান। তার উপর আফগানিস্তানের সঙ্গে খেলা এখন পর্যন্ত চার ওয়ানডের চারটিতেই অলআউট হয়েছে বাংলাদেশ।
আফগানিস্তানও যে উন্নতি করেছে সেটাও মেনে নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন, যদি আফগানিস্তান ভাল খেলে তাহলে অবশ্যই সেটা তাদের দিন হতে পারে। কিন্তু, ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে ফল বাংলাদেশের পক্ষেই আসবে।
দ্বিতীয় ওয়ানডেতে হারা অবশ্যই হতাশার ছিল জানিয়ে মাশরাফি বলেছেন, অামরা হতাশ হলেও এর অর্থ এই না যে এতদিনের কাজগুলো আমরা ভুলে গেছি। এতদিন যে সাফল্য পেয়েছি তা একদিনের ম্যাচেই শেষ হয়ে যেতে পারে না। গত এক-দেড় বছর যেভাবে খেলেছি সেভাবেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চাই।
‘আর ইতিবাচক ক্রিকেট খেলে গেলে ফল আমাদের পক্ষেই আসবে।’










