আফগানিস্তানের রাজধানী কাবুলের ইরাকি দূতাবাসের বাইরে আত্মঘাতী হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের যুদ্ধ চলছে।
কাবুলের কেন্দ্রীয় শার-ই-নাও এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের পর টানা গোলাগুলির শব্দ শোনা গেছে। ঘটনাস্থল থেকে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য অধিবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হচ্ছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানায় বিবিসি।
তবে হতাহতের কোনো এখন পর্যন্ত জানা যায়নি।
চার হামলাকারী ইরাকি দূতাবাস কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, এক আত্মঘাতী হামলাকারীর লক্ষ্য ছিল এমন একটি এলাকা যেখানে ইরাকি দূতাবাস এবং পুলিশ সদর দপ্তর পাশাপাশি অবস্থিত। বাকি হামলাকারীদের অনেকেই দূতাবাস ভবনে ঢুকে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠছে।
জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। ইরাকে আইএসের গুরুত্বপূর্ণ ঘাঁটি মসুল সরকারি বাহিনী পুনর্দখল উপলক্ষে আফগানিস্তানের ইরাকি দূতাবাস দু’সপ্তাহ আগেই উৎসব করেছিল। এরপরই দূতাবাসকে লক্ষ্য করে এ হামলাটি হলো।








