আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আবাসিক এলাকায় তালেবান যোদ্ধারা হামলা চালিয়েছে। ওই এলাকায় মূলত অন্যান্য দেশ থেকে আসা কর্মকর্তা-কর্মচারিদের রাখা হয়। হামলায় পুলিশ-তালেবান সংঘর্ষে এক পুলিশ সদস্য ও দুই তালেবান জঙ্গি নিহত হয়েছে।
কয়েক ঘণ্টার টানা বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন কাবুল পুলিশ প্রধান আবদেল রাহমান রাহিমী। বন্দুকযুদ্ধ শেষ হয়েছে উল্লেখ করে তিনি জানান, কম্পাউন্ডের অধিবাসীদের কেউ হতাহত হয়নি।
রোববার স্থানীয় সময় দিবাগত রাত ১.২৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২.৫৫ টা) ওই এলাকা থেকে বিকট বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে। রাহিমী জানান, নর্থ গেট নামের ওই আবাসিক এলাকায় একটি লরি বোমা বিস্ফোরিত হয়। এরপর দু’জন তালেবান যোদ্ধা ভেতরে ঢুকে যায়।
বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তালেবানদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়। বিস্ফোরণের পর কাবুলের বেশ কিছু অংশ অনেকক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
নর্থ গেট আবাসিক এলাকা খুবই সংরক্ষিত এলাকার একটি। তিন বছর আগে এই এলাকায় আরও একবার জঙ্গি হামলা হয়েছিল।
গত সপ্তাহে দুই আত্মঘাতী বোমা হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটিয়ে কাবুলে ৮০ জনকে হত্যা করে। এ ঘটনায় কমপক্ষে ২৩০ জন আহত হয়। আইএস এ ঘটনার দায় স্বীকার করে।








