১৭ মে শুরু হচ্ছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব। এবার উৎসবে লা অ্যাতেলিয়েরে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের নির্মাতা কামার আহমাদ সাইমন। তিনি জানান, নতুন ধারার ছবিকে উৎসাহিত করার জন্য ২০০৫ সাল থেকে লা অ্যাতেলিয়েরের ব্যানারে সিনেফন্দাশিয়ঁকে দায়িত্ব দেয় কান চলচ্চিত্র উৎসব। এরপর প্রতি বছর নবীন থেকে শুরু করে প্রতিষ্ঠিত নির্বাচিত নির্মাতাদের আমন্ত্রণ জানায় কানের লা অ্যাতেলিয়েরে। উৎসবের প্রতিদিনের আয়োজনে থাকে তাদের অংশগ্রহণ।
গত শুক্রবার কান চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট থেকে জানা গেছে, কামার আহমাদ সাইমন তার নির্মিতব্য ‘ডে আফটার টুমরো’ ছবির জন্য এই আমন্ত্রণ পেয়েছেন।
এবার কান উৎসবে লা অ্যাতেলিয়েরে আরও আমন্ত্রণ পেয়েছেন ১৪টি দেশের ১৫ জন নির্মাতা। কান উৎসবের ওয়েবসাইটে এই নির্বাচিত নির্মাতাদের চিত্রনাট্যগুলোকে বলা হয়েছে ‘গুরুত্বপূর্ণ ও প্রতিশ্রুতিশীল কাজ’।
কামার আহমাদ সাইমন ‘শুনতে কি পাও’ ছবির ধারাবাহিকতায় তৈরি করছেন ‘ডে আফটার টুমরো’। এটি তাঁর ওয়াটার ট্রিলজির দ্বিতীয় ছবি।









