কান উৎসবে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ছবির ফাস্ট লুক! তবে অভিনেত্রী হিসেবে নয় বরং প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়ার ছবি উন্মোচিত হয়েছে উৎসবে। বেশ কিছু দিন থেকে ভারতের আঞ্চলিক ভাষার ছবি নিয়ে মজেছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একের পর এক মুক্তি দিচ্ছেন ছবিগুলো।
তার প্রযোজিত সিকিমিজ ভাষার ছবি ‘পাহুনা’। ২১ মে সন্ধ্যায় ‘পাহুনা’র ফার্স্ট লুক দেখা গেল ৭০তম কান আসরে। সেই আয়োজনে উপস্থিত থাকতে পারেননি প্রিয়াঙ্কা।
তবে উপস্থিত ছিলেন তার মা মধু চোপড়া আর তার ভাই সিদ্ধার্থ চোপড়া। তাদের উপস্থিতিতেই পর্দা উঠে ‘পাহুনা’র।
তিন নেপালি শিশুর ভালোবাসা আর সাহসের গল্প নিয়ে ‘পাহুনা’ ছবির কাহিনী। নিজেদের বাবা–মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তারা মেতে ওঠে আপন খেলাঘরে।
সিকিমের নৈসর্গিক রূপ আর সাধারণ মানুষের ভালোবাসার কথা নাকি তুলে ধরেছেন ছবির পরিচালক। কানের মতো এমন উৎসবে ছবিটির ফাস্ট লুক উন্মোচন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। হিন্দুস্তান টাইমস।









