গত ৮ই মে শুরু হয়েছে বিশ্বের প্রাচীন আর জৌলুসময় কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসর। এবারের উৎসবে উপস্থিত থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী! যেহেতু সশরীরে থাকার সুযোগ নেই, তাই স্মৃতি হয়েই স্মরিত হবেন এই জনপ্রিয় অভিনেত্রী!
আগামী ১৬ মে কান চলচ্চিত্র উৎসবে প্রয়াত শ্রীদেবীকে স্মরণ করা হবে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। ১৬ মে সন্ধ্যায় লা ম্যাজেস্টিক বিচে আয়োজন করা হবে টাইটান রেগিনাল্ড এফ. লুইস ফিল্ম অনার্স শীর্ষক অনুষ্ঠানের। যেখানে চলতি বছরে বিশ্বব্যাপী প্রয়াত তারকাদের সঙ্গে স্মরণ করা হবে তাকে।
শ্রীদেবীর স্মরণে অনুষ্ঠানটিকে সাজানো হবে তাঁর স্মৃতিচিহ্ন ও সেরা কাজগুলোর ফুটেজ দিয়ে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও তাঁর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।
তবে শুধু কান চলচ্চিত্র উৎসবেই নয়, চলতি বছরে অস্কার আসরেও স্মরণ করা হয়েছিল শ্রীদেবীকে।
চলতি বছরের ২৪ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে বাথটাবে পড়ে মারা যান ‘চাঁদনী’ খ্যাত এই বলিউড তারকা। মৃত্যু কালে তার বয়স ছিল ৫৪।







