কানাডার নিউ ব্রান্সউইকের ফ্রেডরিকটন শহরে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২ জন পুলিশ সদস্য। পরে হামলাকারীকে আটক করা হয়।
এই হামলার বিস্তারিত কোনো বর্ণনা দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। নিহত পুলিশ সদস্য দু’জনের নাম সারাহ বার্নস এবং রব কোস্টেলো জানানো হলেও নিহত বাকি দু’জনের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।
কানাডার সংবাদভিত্তিক চ্যানেল সিটিভি’র বরাতে বিবিসি জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার কিছু পরে ফ্রেডরিকটনের একটি বাড়ি থেকে পরপর ৪ বার গুলির শব্দ শোনা যায়। প্রতিবেশীদের কেউ গুলির শব্দ শোনার বিষয়টি পুলিশকে জানালে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
গণমাধ্যমের ভিডিও ফুটেজে বাড়িটির বাইরে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স অবস্থান করতে দেখা গেছে।
হামলাকারীকে আটক করে অভিযান শেষ ঘোষণা করলেও তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কেও এখনো কিছু জানানো হয়নি।








