কানাডার আলবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমুরে শহরের ভয়াবহন দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। প্রদেশটির দক্ষিণাঞ্চলেও আগুন ছড়িয়ে পড়ছে। নতুন করে ঝুঁকির মধ্যে পড়েছে কমপক্ষে ২৫ হাজার মানুষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এরই মধ্যে প্রায় ৮ হাজার মানুষকে হেলিকপ্টারে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। সেনাবাহিনীও উদ্ধার কাজে অংশ নিয়েছে। দুর্যোগ মোকাবেলায় দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে সহায়তা দিতে কানাডিয়ান রেডক্রসকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
দাবানলে এ পর্যন্ত আলবার্টা প্রদেশের প্রায় ১ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে গেছে প্রায় ১২ হাজার হেক্টর এলাকা। আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা।








