কানাডার ক্যালগেরিতে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষ্য বাংলাদেশ সেন্টারে মুক্তিযুদ্ধ বিষয়ক ভিডিও প্রদর্শনী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অংশ নেন ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বীর মুক্তিযোদ্ধা এবং সুধীজনেরা। এ সময় ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের হাতে স্বাধীনতার আলোক প্রদীপ তুলে দেয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, যুগ্ম সাধারণ সম্পাদক তাসফিন হোসেন তপু, যুগ্ন সাধারণ সম্পাদক শুভ মজুমদার, সোশ্যাল সেক্রেটারি হাসান রহমান, এক্সিকিউটিভ সদস্য মোশাররফ হোসেন মাসুদ এবং এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের তাৎপর্য তুলে ধরেন।
উল্লেখ্য কানাডার অন্যান্য প্রদেশেও যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।








