মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর কানাডাও এবার বিমানের মূল কেবিনে মোবাইল ফোন ছাড়া সব ধরনের ইলেকট্রনিক পণ্য বহন নিষিদ্ধ করতে যাচ্ছে।
কানাডাভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নতুনদেশ.কম এ প্রকাশিত খবর থেকে জানা যায়, সেখানকার পরিবহণ মন্ত্রী মার্ক গার্নেও বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য পর্যালোচনা করছে কানাডা।
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে ছেড়ে আসা বিমানের যাত্রীদের মোবাইল ফোন ছাড়া সব ধরনের ইলেকট্রনিক পণ্য মূল কেবিনে বহন নিষিদ্ধ করা হবে কী না- মার্কিন গোয়েন্দাদের দেয়া তথ্য পর্যালোচনার পরই চূড়ান্ত হবে।
তিনি জানিয়েছেন, তারা দ্রুতই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
কানাডা সরকার শেষ পর্যন্ত এ ধরনের সিদ্ধান্ত নিলে বিপুল সংখ্যক বাংলাদেশির উপরও তার প্রভাব পড়বে।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ভ্রমণ নীতিমালার’ আওতায় পড়া নয়টি এরয়ারলাইন্সের আটটিরই ফ্লাইট কানাডায় চলাচল করে।
জর্দান, কুয়েত, মিশর, তুরষ্ক, সৌদি আরব, মরক্কো, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দুবাই, আবুধাবী থেকে ছেড়ে আসা বিমানে মোবাইল ফোন এবং স্মার্ট ফোনছাড়া সব ধরনের ইলেকট্রনিক পণ্য বিমানের মূল কেবিনে বহন নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইউএস হোমল্যান্ড সিকিউরিটির শীর্ষ কর্মকর্তার সাথে কানাডা সরকারের উচ্চ পর্যায়ের টেলিফোন সংলাপের উদ্ধৃতি দিয়ে পরিবহণ মন্ত্রী বলেন, তিনি আমাদের পরিস্থিতি সম্পর্কে সচেতন করেছেন। সরকারি পর্যায়ে আমরা এই সব তথ্য খতিয়ে দেখছি। দ্রুতই আমরা আমাদের সিদ্ধান্ত নেবো।
কি ধরনের নিরাপত্তা সংক্রান্ত তথ্য মার্কিন গোয়েন্দারা দিয়েছে- সে ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি কানাডিয়ান মন্ত্রী, এমন কি কখন তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন- তা জানাতে রাজি হননি।










