নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তোলপাড় সারা দেশ। এমনকি সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে অনেকে অনেক কিছুই করছেন। এই বিষয় নিয়ে এবার ফেসবুকে পোস্ট দিলেন প্রবাসী শিক্ষক আমিনুল ইসলাম।
নিজের ফেসবুকে তিনি এই সংক্রান্ত একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, টেলিভিশনের টকশো’র মাধ্যমে জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শেষ পর্যন্ত বিবৃতি দিয়েছে।
ওই বিবৃতিতে তারা নাকি লিখেছে- শিক্ষক শ্যামল কান্তি’র উপর ঘটে যাওয়া ঘটনায় সাংসদ সেলিম ওসমানকে ‘ক্ষমা’ চাইতে হবে! আপনারা তো সেই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক যেই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে একটা দেশের স্বাধীনতার ইতিহাস। তাহলে কি করে আপনারা এই ধরনের বিবৃতি দিলেন?
এই বিবৃতিও আপনারা দিতেন না। আপনারা আগে অপেক্ষা করেছেন সরকারি দলের নেতারা কি বিবৃতি দেন। যখন দেখলেন সরকারি দলের এক নেতা বলেছেন ‘ক্ষমা’ চাইতে হবে; তখন আপনারা বিবৃতি দিলেন ‘ক্ষমা’ চাওয়ার কথা বলে! হায়রে বুদ্ধিজীবী সমাজ!
এতো বড় একটা জঘন্য কাজের জন্য ওই সাংসদকে কেবল ‘ক্ষমা’ চাওয়ার দাবী আপনার কি করে করলেন? আপনাদের কি একবারও মনে হয়নি, তার ‘শাস্তি’ দাবী করা যেতে পারে?
এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা টেনে তিনি তার পোষ্টে লিখেন, আপনাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে যদি এরপর এভাবে কোনো মন্ত্রী কিংবা এমপি কানে ধরে উঠবস করায়; তাহলে তখনও কি আপনারা কেবল ‘ক্ষমা’ চাওয়ার দাবী করবেন?
অবশ্য কানে ধরে উঠবস করার জন্য কান’টা তো আগে থাকতে হবে!
মাথা বেচে দিয়ে বসে থাকলে, কানে ধরে উঠবস করার তো আর প্রশ্ন’ই আসে না! মাথা থাকলেই না কান থাকবে!








