যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল অরল্যান্ডো সিটিতে শেষ হল কাকা-অধ্যায়। দলটিতে তিন মৌসুম খেলার পর চুক্তি বাড়াতে রাজি হননি ব্রাজিলিয়ান লিজেন্ড। কাকার আবেগী বিদায়ের ম্যাচে অবশ্য হেরে মাঠ ছেড়েছে অরল্যান্ডো।
অরল্যান্ডোতে চুক্তি নবায়ন না করলেও ফুটবল থেকে অবসরে যাওয়ার কোনও ইঙ্গিত দেননি ৩৫ বছর বয়সী কাকা। যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ করায় তাই প্রশ্ন, এবার তবে কোথায়? সেটির ইঙ্গিতও মিলেছে। ব্রাজিলের কোনও ক্লাবেই ক্যারিয়ারের ইতি টানার সম্ভাবনার কথাও বলছেন কাকার ঘনিষ্ঠজনরা।
ম্যাচ শেষে কাকা অবশ্য বলেছেন কেবল বিদায়-ক্ষণ নিয়েই, ‘ম্যাচটা ছিল খুবই আবেগের। মাঝে মাঝে খেলাটা খুবই কঠিন হয়, সেইসঙ্গে খেলার উপর ফোকাস করাটাও, যখন মাঠে থাকা অবস্থায় মনে ভেতর অনেক বিষয় জমা হয়।’
ব্যালন ডি’অর জয়ী সাবেক রিয়াল মাদ্রিদ ও এসি মিলান তারকা সমর্থকদের উদ্দেশ্য বলেন, ‘এটি আমার জন্য একটি বিশেষ দিন, কারণ গত তিন বছর এই ক্লাবের সাথে যাকিছু ঘটেছে তার সবকিছু স্মরণ করিয়ে দিয়েছে। শুধু বলব আপনাদেরকে ধন্যবাদ।’







