রাজধানীর কাকরাইলের হোটেল ঈসা খাঁ’র পূর্ব পাশের রাস্তায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে ওই দুর্ঘটনা ঘটায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অটোরিকশা চালক ঠাণ্ডু মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ইকোনো পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দিলে তা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ঠাণ্ডু মিয়া ও অন্য এক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পর ওই যাত্রীর মৃত্যু হয়।






