কাঁঠালের ভেতরে অভিনব পন্থায় ইয়াবা পাচারের সময় স্ত্রীসহ রেলওয়ে পুলিশের এক কর্মকর্তাকে আটক করেছে র্যাব-৪।
বুধবার রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- বাবুল খন্দকার (৫২) ও শিউলি বেগম (৩৯)। এসময় তাদের বহন করা কাঁঠাল ভেঙে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, আটক বাবলু খন্দকার রেলওয়ে পুলিশে চাকরির আড়ালে ট্রেনে করে নিয়মিত ঢাকায় ইয়াবা এবং গাঁজার চালান নিয়ে আসতেন। তার বিরুদ্ধে চট্টগ্রামে একটি মাদকের মামলা রয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
‘বুধবার বাহ্মনবাড়ীয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে গোমতি এয়ারকন পরিবহনের একটি বাসে করে স্ত্রীসহ ঢাকায় আসেন। ঢাকার সায়েদাবাদ এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে স্ত্রীসহ বাবলুকে শনাক্ত করা হয়। এরপর তাদের সঙ্গে থাকা কাঁঠাল ভেঙে ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
আটক বাবলু খন্দকারের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া এলাকায় এবং শিউলি বেগমের বাড়ি ব্রাহ্মনবাড়ীয়ার কসবা এলাকায়। তারা রাজধানীর দক্ষিনখানের একটি বাসায় বসবাস করে আসছিলেন।
র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকার ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। তারা অভিনব পন্থায় কাঁঠালের ভেতরে করে ১০ হাজার পিস ইয়াবার চালান বহন করছিলেন।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।










