রাজধানীর কল্যাণপুরে গ্যাসের চুলার আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ৩ জনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। তাদের দু’জনের অবস্থা আশংকাজনক।
বুধবার রাতের রান্নার সময় এ ঘটনা ঘটে। পরে রাতেই তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
দগ্ধরা হলেন- আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩২), তাদের শিশুসন্তান আফরিদা (১১ মাস), আরজু বেগম (২৮) এবং তার স্বামী রফিকুল ইসলাম (৩০)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, আব্দুল মালেক ও রফিকুল ইসলাম একই ফ্ল্যাটে ভাড়া থাকেন। ঘটনার কিছুক্ষণ আগে মালেকের স্ত্রী একটি কাজে বাসার নিচে নামেন। ওই সময় মালেকের শিশু আফরিদাকে সঙ্গে নিয়ে রান্না করছিলেন আরজু। তখন হঠাৎ করেই চুলা থেকে আগুন ধরে যায়। আরজু ও আফরিদাকে বাঁচাতে গিয়ে ওই সময় মালেক এবং রফিকুল সামান্য দগ্ধ হন।
শিশু আফরিদার দেহ ৪৬ শতাংশ ও আরজুর ৮৫ শতাংশ পুড়ে গেছে বলে বার্ন ইউনিটের বরাত দিয়ে জানিয়েছেন এই কর্মকর্তা।
অন্যদিকে মিরপুর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বাসায় গ্যাসের চুলার পাশেই একটি মশা মারার স্প্রে রাখা ছিল। আগুনের তাপে সেটি বিস্ফোরিত হয়ে চারিদিকে আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে।
গ্যাসের চুলার পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।










