গেল বছরের শেষের দিকে ‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ভারতে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ পেয়েছিলেন বাংলাদেশের জয়া আহসান। সেই রেশ কাটতে না কাটতেই আবারো নতুন করে পুরস্কৃত হলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
এবার জয়াকে পুরষ্কৃত করেছে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র সাংবাদিক এসোসিয়েশন (ডব্লিউবিএফজেএ)। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন চলিচ্চিত্র সাংবাদিক সমিতি। এর আগে এই সংগঠন থেকে সুচিত্রা সেন ও অপর্ণা সেনকে একাধিকবার সম্মাননা দেয়া হয়েছিল বলে জানা গেছে।
২০১৭ সালে কলকাতার ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার পেয়েছেন জয়া আহসান। রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের ওই চলচ্চিত্র সংগঠনটি এক অনুষ্ঠানের মাধ্যমে জয়ার হাতে এই পুরষ্কার তুলে দেয়।
গেল বছর জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ ছবিটি পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিছুদিন আগে ভারতের এক জনপ্রিয় অনলাইনের জরিপে জয়ার নাম উঠেছে শীর্ষ নায়িকার স্থানে। কলকাতার ২০১৭ সালের ‘সেরা ১০ টালিউড অভিনেত্রী’র তালিকায় শীর্ষে আছেন জয়া আহসান।
এরপর ধারাবাহিকভাবে আছেন সোহিনী সরকার, মিমি চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী, রুক্ষ্মিণী মিত্র, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, কোয়েল মল্লিক ও নুসরাত জাহান।







