কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় আর্জেন্টাইন ও বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত। একই সঙ্গে তাকে ২ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে।
স্পেনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। ওই অপরাধে মেসির বাবা হোর্হে মেসিকেও একই সাজা দিয়েছেন আদালত।
অবশ্য স্পেনের আইন অনুযায়ী আগে কোনো ফৌজদারী অপরাধে অভিযুক্ত না হলে দুই বছরের নিচে কারাদণ্ড হওয়ার পর জেলে যেতে হয় না। তবে অফিযুক্ত ব্যক্তিকে নজরদারির আওতাতে থাকতে হয়। সেই হিসেবে মেসি বা তার বাবার জেলে যেতে হবে না।
গত বছর মেসি ও তার বাবার বিরুদ্ধে স্প্যানিশ কর্তৃপক্ষ ৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনেন।
দেশটির সরকারি কৌসুলিরা জানান, মেসির বাবা বেলিজ ও উরুগুয়েতে কোম্পানি স্থাপনের মাধ্যমে ২০০৭ ও ২০০৯ সালে মেসির আয় থেকে এই পরিমাণ অর্থ ফাঁকি দেন।
বার্সেলোনা হাইকোর্ট গত জুনে অবশ্য বলেছিল এই সম্পর্কে কোনো কিছু না জানার পরেও মেসিকে দায়মুক্তি দেয়া হবে না। তবে সবর্কালের সেরা ফুটবলারদের একজন মেসিকে আর এই আইনি ঝামেলায় জড়াতে হবে না।







