গত দুই মাসে অন্তত ১০টি খুনের ঘটনা ও বাংলাদেশী কর্তৃপক্ষের ব্যর্থতা সেখানে দায়মুক্তির পরিবেশ সৃষ্টি করেছে। এই হত্যার জন্য দায়ী সহিংস দলের বিরুদ্ধে কর্তৃপক্ষ চূড়ান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এক বিবৃতিতে এসব কথা বলেছে লন্ডন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংগঠনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক চম্পা প্যাটেল বলেন, ‘সহিংস দলগুলো নির্লজ্জভাবে ঘোষণা করে যে, ‘ইসলাম অবমাননাকারীরা’ তাদের টার্গেট হবেই। তাদের এই আত্মতুষ্টির ব্যাপারে বাংলাদেশ কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত।’
তিনি আরও বলেন,‘সমস্যাকে অবজ্ঞা করা কোনো সমাধান না। কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে এই হত্যাকাণ্ডের নিন্দা করতে হবে। দ্রুত একটি পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চালাতে হবে। ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং এখনও যারা হুমকির মধ্যে রয়েছে, তাদের রক্ষা করতে হবে।’
গত দুই মাসের প্রত্যেকটি হত্যাকাণ্ডের দিন তারিখসহ হত্যার ধরন ও নিহতদের পরিচয় তুলে ধরা হয়েছে ওই বিবৃতিতে।








