আবারও বাড়ছে করোনার সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি মানুষের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত তিনমাস আগে করোনার ভয়াবহতা কমে আসলেও যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, মেক্সিকো, রোমানিয়ায় করোনার মৃত্যু এবং আক্রান্ত বেড়েই চলেছে। গত একদিনের হিসেব মতে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৬১০ জন, রাশিয়ায় ১ হাজার ৬৪ জন এবং ভারতে ৬শ ৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭৯০ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ১৯৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৭৯০ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে ৪ লাখ ৬১ হাজার ২৯০ জনের।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ৫৩ হাজার ৩২৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ১১৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ৪ লাখ ৫৪ হাজার ৬৫৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৩৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৫৫ হাজার ৬৪৭ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৭৭২ জনের। মারা গেছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৪২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।









