করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে বিশ্বের ১শ’ ১৪টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘোষণা আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রোস আধানোম গেব্রেসাস করোনা ভাইরাসকে প্রথম বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেন।
বিবিসি জানায়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন: চীনের বাইরে আক্রান্ত হওয়ার ঘটনা গত দু’সপ্তাহে ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের এই আশঙ্কাজনক অবস্থা নিয়ে তারা সতর্ক দৃষ্টি রাখছেন।’
তিনি আরও বলেন: যদিও এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি, পৃথিবীজুড়ে দেশগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ পরিস্থিতি বদলে দিতে পারে।
অন্যদিকে চীনে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ইটালিতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশটির প্রায় ছয় কোটি বাসিন্দা রয়েছেন কোয়ারেন্টাইনে। এরপরও গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস ইটালির ১৬৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে।
চীনের বাইরে করোনা ভাইরাসে ইটালিতে ৬৩১ জন মারা গেছেন। এছাড়াও দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
ইরানে মোট আট হাজার ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ২৯১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩১ জন সুস্থ হয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। দেশটিতে ইতোমধ্যে সাত হাজার ৭৫৫ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৮৮ জন।
নতুন নতুন দেশেও করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া অব্যাহত আছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক, মরক্কো ও লেবানন। এই তিন দেশেই প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
এর আগে তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে তিনজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এছাড়া আগের যে তিনজন এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন মঙ্গলবার তাদের পুনঃপরীক্ষা করে ফল নেগেটিভ পাওয়া গেছে। তারা এখন সুস্থ। শিগগিরই তাদের ছাড়পত্র দেয়া হবে বলে জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সবমিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ১৩ হাজার। আশার কথা বিশ্বজুড়ে প্রায় ৬৪ হাজার মানুষ এই ভাইরাসকে জয় করতে সক্ষম হয়েছেন।









