করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে সহায়তা করতে দ্বিতীয় দফায় ১০ হাজার শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে চীন। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এগুলো বাংলাদেশে এসে পৌঁছাবে।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
তিনি জানান: বিশেষ উড়োজাহাজে করে ২৬ মার্চ চীনের কুনমিং থেকে নভেল করোনাভাইরাস শনাক্তের ১০ হাজার কিট, স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তার জন্য ১০ হাজার পারসোনাল প্রটেক্টিভ ইনস্ট্রুমেন্ট (পিপিআই) এবং ১ হাজার বিশেষ থার্মোমিটার আসছে।
চীনের এ সহায়তার পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীরাও করোনা মোকাবেলায় চিকিৎসা সরঞ্জাম আমদানি করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে মার্চের ১৭ তারিখ একটি ফেসবুক বার্তায় মহামারি মোকাবিলায় ঢাকাস্থ চীন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশকে সহায়তা করার কথা ঘোষণা করেছিল চীন।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ৪ জন আর করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ জন।







