করোনা ভাইরাসে আজ সোমবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪১ জনের আর আক্রান্ত হয়েছেন ৩, ৩৫,০০০ এর বেশি। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য প্রকাশ করেছে। আর ওয়ার্ল্ডওমিটারের মতে, আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৪৬৯, মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৯৮ হাজার ৬২৭ জন। আক্রান্তের মধ্যে ১০ হাজার ৫৫৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বজুড়ে করোনার সার্বিক পরিস্থিতি জটিল আকার ধারণ করছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
ইটালিতে করোনা ভাইরাসে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। লকডাউন করেও কোনো ক্রমেই করোনা ঠেকাতে পারছে না তারা। নিরুপায় হয়ে এবার যুক্তরাষ্ট্রের সামিরক বাহিনীর সাহায্য চেয়েছে ইটালি সরকার। করোনা ঠেকাতে বেশ কয়েকদিন আগেই মাঠে নেমেছে ইটালির সামরিক বাহিনী। তাদের সঙ্গে কাজ করতে মার্কিন সামরিক বাহিনীকেও পাশে চায় তারা।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারের কাছে করোনার বিরুদ্ধে যুদ্ধে সরাসরি সামরিক সাহায্য চেয়েছে ইটালি। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের কাছে ইটালি মাস্ক ও ভেন্টিলেটরও চেয়েছে।
ইটালিতে এ পর্যন্ত ৬০ হাজার ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে এবং ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে।
এদিকে জার্মানিতে করোনার ভয়াবহ পরিস্থিতি ঠেকাতে দুজনের বেশি মানুষ একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি কেন্দ্রীয় সরকার। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন। জার্মান চ্যান্সেলর নিজেও করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে রয়েছেন।
করোনা মোকাবেলায় ইরান সরকার এবং ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে চলেছে।
ইরানিদের অন্যতম উৎসব ফার্সি নববর্ষ বা নওরোজের দিনে সরকারি ছুটি চলার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে অনেক আগে থেকেই ছুটি চলছে। ভ্রমণ ঠেকাতে ইরান সরকার ভ্রমণের শহরগুলোকে লকডাউনের ঘোষণা দিয়েছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিকে দুর্যোগ ঘোষণায় সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ঘোষণার ফলে ক্যালিফোর্নিয়া করোনা মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের সাহায্য পাবে এবং যারা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাউন্সিলিং করানো হবে।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আরও ৪ সপ্তাহ লকডাউন ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান দেশটিতে করোনা সতর্কতা ৩ থেকে বাড়িয়ে ৪ করেছেন।







