ভারতের বিপক্ষে ২-১এ টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন কেগান পিটারসেন। অবধারিতভাবেই ছিলেন নিউজিল্যান্ড সফরের দলেও। করোনা আক্রান্ত হওয়ায় সাউথ আফ্রিকা আর পাচ্ছে না ভরসা করার মতো ব্যাটারকে। ডিন এলগাররা বিকল্প হিসেবে সঙ্গী করছে জুবায়ের হামজাকে।
বুধবার প্রোটিয়া বোর্ড পিটারসেনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানায়। বলেছে, ‘পিটারসেনের মধ্যে করোনার উপসর্গ বিদ্যমান। বোর্ডের মেডিকেল টিম তার উপর বিশেষ নজর রেখেছে। তার শারীরিক ও মানসিক উন্নতির জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
গত সপ্তাহে নিউজিল্যান্ড সফরের জন্য এলগারের নেতৃত্বে ১৭ সদস্যের দল দেয় প্রোটিয়া বোর্ড। ভারত সিরিজে ৬ ইনিংসে ৪৬ গড়ে ২৭৬ রান করে জায়গা ধরে রেখেছিলেন পিটারসেন।
পরিবর্তে ডাক পেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ২০২১ সালে ওয়ানডে খেলে বাদ পরা হামজা। আগে পাঁচ টেস্টে তার ব্যাটিং গড় ১৮.১০, মোট রান ১৮১।
সাউথ আফ্রিকা দল: ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, সারেল এরউই, জুবায়ের হামজা, সিমন হার্মার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, লুনগি এনগিডি, ডুয়ানে অলিভিয়ের, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, লুথো সিপামলা, গ্লেন্টন স্ট্যুরম্যান, রসি ফন ডার ডুসেন, কাইল ভেরেয়ানে (উইকেটরক্ষক)।







