দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যের সংখ্যা ৩ হাজার ছুঁয়েছে। যার প্রায় অর্ধেকই (১ হাজার ৪৪৪ জন) ঢাকা বিভাগের। এরপর মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় চট্টগ্রাম বিভাগ। সেখানে মারা গেছে ৭৩১ জন। লিঙ্গ বিচারে মৃতদের ২ হাজার ৩৫৮ জন পুরুষ আর নারী ৬৪২ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, এ পর্যন্ত মৃত ৩ হাজারের মধ্যে বিভাগ অনুযায়ী মারা গেছেন ঢাকা বিভাগে এক হাজার ৪৪৪ জন, যা ৪৮ দশমিক ১৩ শতাংশ; চট্টগ্রাম বিভাগে ৭৩১ জন, যা ২৪ দশমিক ৩৭ শতাংশ; রাজশাহী বিভাগে ১৭৭জন, যা পাঁচ দশমিক ৯০ শতাংশ; খুলনা বিভাগে ২১২ জন, যা সাত দশমিক ০৭ শতাংশ; বরিশাল বিভাগে ১১৫ জন, যা তিন দশমিক ৮৩ শতাংশ; সিলেট ১৪৪ জন, যা চার দশমিক ৮০ শতাংশ; রংপুর বিভাগে ১১৩ জন, যা তিন দশমিক ৭৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, যা দুই দশমিক ১৩ শতাংশ।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত পুরুষ মোট মারা গেছেন ২ হাজার ৩৫৮ জন, শতাংশের হিসেবে ৭৮ দশমিক ৬০ শতাংশ। আর নারী ৬৪২ জন, শতাংশের হিসেবে ২১ দশমিক ৪০ শতাংশ।
‘মৃত ৩ হাজার জনের মধ্যে বয়স বিভাজানে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, যা মোট মৃত্যুর দশমিক ৬০ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩০ জন, যা এক দশমিক শূন্য শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৪ জন, যা দুই দশমিক ৮০ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০০ জন, যা ছয় দশমিক ৬৭ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪২৫ জন, যা ১৪ দশমিক ১৭ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৬৯ জন, যা ২৮ দশমিক ৯৭ শতাংশ এবং ষাটোর্ধ্ব ১ হাজার ৩৭৪ জন, যা ৪৫ দশমিক ৮০ শতাংশ।’







