মাইক্রোসফটের টু-ইন-ওয়ান হাইব্রিড নোটবুক সারফেস প্রো ইতোমধ্যেই আকর্ষণীয় ডিজাইন এবং পারফরমেন্সের কারণে ব্যবহারকারীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ডিভাইসটির নতুন একটি ভ্যারিয়েন্ট বাজারে এনেছে মাইক্রোসফট যার মূল্য হবে অন্যগুলোর থেকে বেশ কম।
মাইক্রোসফট জানিয়েছে, ৭৯৯ ডলার মূল্যের নতুন ভ্যারিয়েন্ট ফিচারের দিক থেকে অনেকটা এন্ট্রি লেভেলের হবে। এতে থাকছে ইন্টেল কোর এম৩ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট এসএসডি স্টোরেজ। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে উইন্ডোজ ১০ এস।
নোটবুকটিতে আছে ১২.৩ ইঞ্চি পিক্সেলসেন্স ডিসপ্লে, ১০ পয়েন্ট মাল্টিটাচ সুবিধা, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬১৫, ডুয়েল ক্যামেরা এবং ১৩.৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ।

এই নোটবুকটি ছাড়াও সারফেস বুক ২-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে মাইক্রোসফট। এই ডিভাইসটির ক্ষেত্রেও দাম কমানোর জন্য ফিচারে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। ১১৯৯ ডলারের নতুন এই সারফেস বুক ২-এ আছে ১৩.৫ ইঞ্চি ডিসপ্লে, কোর আই৫ প্রসেসর, ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট এসএসডি স্টোরেজ। এর আগে সবচেয়ে কম মূল্যের সারফেস বুক ২-এর মূল্য ছিল ১৪৯৯ ডলার।
মাত্র দুদিন আগেই মাইক্রোসফট জানিয়েছিল গত বছরের চতুর্থ প্রান্তিকে এর আগের বছরের একই সময়ের তুলনায় সারফেস বুক থেকে আয় বেড়েছে মাত্র ১ শতাংশ। আর তাই বাজারে অবস্থান আরও শক্ত করার লক্ষ্যে এবং বিক্রি বাড়ানোর জন্য মাইক্রোসফট নতুন এই পরিকল্পনা হাতে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।








