একটি কম্বল নিয়ে বিতর্কের কারণে প্লেনের গতিপথ পরিবর্তন করার ঘটনা ঘটেছে। তুচ্ছ ব্যাপার নিয়ে এমন কাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রে।
বার্তা সংস্থা এএফপির বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, লাসভেগাস থেকে হনলুলুগামী একটি ফ্লাইট বুধবার গতিপথ পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসে গিয়েছে। বিমানের এক যাত্রী কম্বলের জন্য ১২ ডলার দিতে অস্বীকার করার পর এর গতিপথ পরিবর্তন করা হয়। বিমানে বিশৃংখলাপূর্ণ আচরণের জন্য ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।
লস অ্যাঞ্জেলস বিমানবন্দর পুলিশের মুখপাত্র রব পেদ্রেগন বলেন, হাওয়াই এয়ারলাইন্সের এ ফ্লাইট লাসভেগাস থেকে উড্ডয়নের পর ৭৫ বছর বয়সী এক যাত্রী ঠান্ডাজনিত কারণে একটি কম্বল চাইলে এ ঘটনা ঘটে। কেননা, কম্বলের জন্য ১২ ডলার দিতে বলা হলে সেখানে বিতর্কের সৃষ্টি হয়।
পেদ্রেগন জানান, এ ঘটনায় বিমানটি গতিপথ পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসে অবতরণ করলে পুলিশ ও এএফবিআই এজেন্ট ওই যাত্রী ও ক্রুকে জিজ্ঞাসাবাদ করে। তাদের জিজ্ঞাসাবাদে উভয় পক্ষ জানায়, এ সময় বিমানে কোন অপরাধমূলক ঘটনা ঘটেনি।










