সাংবাদিক সালেহ চৌধুরী কমনওয়েলথ সাংবাদিক সমিতির (সিজেএ) বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সংগঠনটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সালেহ চৌধুরী অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশের সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফরিদ হোসেন বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন।
মুক্তিযোদ্ধা ও কলামলেখক সালেহ চৌধুরী ১৯৯৭ সাল থেকে সিজেএ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ওই বছর তিনি হংকংয়ে অনুষ্ঠিত সিজেএর সম্মেলনে যোগ দেন। তিনি দৈনিক বাংলার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন।
সাংবাদিক হাসান শাহরিয়ার দুবার সিজেএর আন্তর্জাতিক সভাপতি ছিলেন। তিনি বর্তমানে ইমেরিটাসের সভাপতি। তিনি বলেন, সালেহ চৌধুরীর মতো সাংবাদিককে সংগঠনটির সভাপতি নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ।









